প্রাকবিবাহ
বনানীর বনাঞ্চলের ব্যাকুলতা
আমার ছুটির তিনটি দিন
ঊরুতে মাথা
বুকে চোখ
ইশারায় অনুভূতি।
নিখিল ভুবনের লজ্জারা
তোমার ঠোঁটেতে জমায়েত।
দীঘার সদর ঘাট ছেড়ে
আমরা অনেক অনেক দূরে
শুকনো বালিতে শুয়ে থাকা
সে তো মৃদু সুখের জন্যই
থরোথরো সমুদ্র
ঝাউবনে উচ্ছ্বাস
আমরা দুজনে দিগ্বিজয়ে।
তোমার পলাশরাঙা মন
পরতে পরতে
ঘিয়ে ভাজা পরোটার মত
খুলে খুলে উন্মীলিত হয়ে যায়।
আবেশের ঘনীভূত আনন্দে
আমাদের সম্বিত হারানো !
উদভ্রান্ত উদ্দীপনা অনন্ত
নিঃশ্বাসে প্রশ্বাসে বিহ্বলতায়।