Monday, October 24, 2016

শতরূপা

শতরূপা
 
 
তোমার নিজের রূপতত্ত্ব
এবং তোমার ভাষার রূপতত্ত্ব
দুইই সোনালি সোনালি।
 
তোমার কণ্ঠ-শব্দ
শব্দে শব্দে
আমায় জব্দ করে।
 
পদ গঠন
সঙ্গে কৃত প্রত্যয়
তদ্ধিত প্রত্যয়
কারণে আকারণে ব্যাকরণে
সমাস বিভক্তি কারক অব্যয়।
 
তোমার বাক্যতত্ত্ব
রূপতত্ত্বের মতই 
সোনালি।
তোমার সম্মুখ স্বরধ্বনি
পশ্চাৎ স্বরধ্বনি 
মৌলিক স্বরধ্বনি
পায়ের পায়ল ধ্বনি
রূপালি।
 
ব্যঞ্জনে ব্যঞ্জনধ্বনি
বাক্যের গঠন এবং বাঁধুনি
আমার প্রিয়া হয়ে
হয়ে গেলে ঘরের রাঁধুনি !
 
তোমার মৌলিক কালতত্ত্ব
তোমার প্রাকৃত প্রকৃতির
ক্রিয়াপদগুলি
যোগ সাধনায়
শুধু প্রত্যয় আর বিভক্তি
বিভক্তি আর প্রত্যয়।
 
ধাতুহীন অধাতু তুমি !
 
তোমার  যৌগিক কালতত্ত্ব
ধাতুমূলে  ধাতুমূলে
সমবায়।
সময় অপব্যয়।
 
ধাতুমূলে
ইয়া বা ইতে
তুমি অসমাপিকা
পঞ্চভূতে।
 
আমার ধাতুমূলে
আমার ধাতুর কত কত রূপ
ভারি  অদ্ভূত !
 
তুমি শতরূপা
আমার কাঙিক্ষত রূপের
শত শত রূপ ! 

No comments:

Post a Comment