Friday, December 30, 2016

ভিড়ের ট্রেনে

ভিড়ের ট্রেনে


সেন্টিমিটার সেন্টিমেন্ট
হৃদয় জুড়ে প্রেমের সেন্ট।
সাতটা পাঁচের লোকাল ট্রেন
হারিয়ে ফেলে ফাউন্টেন পেন।

নাভির নিচে শাড়ির গিঁট
চুলের ফিতেয় ঢাকা পিঠ !
হাতের বালায় শঙ্খ আঁকা
সঙ্গিবিহীন  সিঁথি ফাঁকা !

স্বপ্ন দেখে জোয়ান ছেলের
মাথায় গন্ধ ফুলেল তেলের !
শব্দ-বাচ্য মনের খোরাক !
কারোর শূন্য হৃদয় ভরাক !

ফিরবে বাড়ি নটা পাঁচে
রান্না ঘরের উনুন আঁচে
ওরই হাতে শিলের নোড়া
পায়ের ঘেরে রূপোর তোড়া

সেন্টিমিটার  সেন্টিমেন্ট
ঘাম ঝরছে উঠছে পেন্ট !
দস্যি মেয়ে দাঁড়িয়ে দেখে
চোখের তারায় মানুষ চাখে !

পায়ের তলায় পা মাড়িয়ে
অনুরাগের মান ভাঙিয়ে
অসাধারণ অতর্কিতে
লুজ হয়ে যায় ব্রা-এর ফিতে !

No comments:

Post a Comment